Header Ads

Header ADS

একটি শিশু (কবিতা)


একটি শিশু

দেবাশীষ ইম্মানূয়েল রেমা

শিশুটি বাড়ায় হাত, সর্বাঙ্গ মলিন
ফুটপাত অলিগলি শিশুর ঠিকানা
বড়লোক বাবুদের দেখে গৃহহীনা
ক্ষুধার্ত দৌড়ায়, অনাহারে পুরো দিন।
নিষ্ঠুর পৃথিবী তুমি, মমতা বিহীন
স্নেহ-বঞ্চিতা অনাথা পিতৃমাতৃহীনা
কাকে বলে পাঠশালা শিশুটি জানেনা 
অনাথার গতি তুমি নও প্রাণহীন।

স্নিগ্ধমুখে স্বর্গ-হাসি, বুকে টেনে নিও
বিবেক না হোক নষ্ট, কষ্ট নিবো কেড়ে
পথকলি পথদেবী, ভালোবেসে যেও।
পৃথিবীর মানবতা জেগে উঠো ঝেড়ে
অন্ধ চোখ মেলো, ভালোবেসে রুটি দিও
ছিন্ন পরিচ্ছদ দেখে তাড়ায়ো না ওরে।
ছবি: সংগ্রহ










অবিস্মৃত
দেবাশীষ ইম্মানূয়েল রেমা

সিঁদুরে মেঘেরা দূরে গোধূলী বেলায়
নিবিড় সখ্যতা গড়ে নীলবন প্রান্তে
দিগন্ত ছাপিয়ে ভাসে ইঙ্গিত; অজান্তে
সুরধ্বনি তুলে ওরা ভালোবেসে যায়।
মেঘালয় নীল বেশে স্পষ্ট ইশারায়
কত কথা বলে যায়, হারাই অনন্তে
কষ্টদিনে সঙ্গী ওরা, অবলা দ্বীপান্তে
মরুময় প্রাণ তৃষা-ব্যাথারা মিলায়।

তোমার আমার দেশ, বন ছেড়ে হেথা
নীরব অবলোকন সৃষ্টির আনন্দ
নদীর মোহনা চুয়ে চুয়ে যায় ব্যাথা
তোমাদের স্মৃতিভেলা, চলে সৃষ্টিদ্বন্দ্ব
স্থিরচিত্রের অন্তরে চলমান কথা
মনোলোকে মেঘ-গিরি-বন কথাছন্দ।
ছবি: সংগ্রহ

No comments

Powered by Blogger.